চাঁদপুর-২ আসনে ধানের শীষের একচেটিয়া প্রাধান্য—ড. জালাল উদ্দিনের বিপুল ভোটে জয়ের প্রত্যাশা
- আপডেট সময় : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) জাতীয় সংসদ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের বিপুল ভোটে বিজয়ের সম্ভাবনা দিন দিন জোরালো হচ্ছে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ ভোটার, রাজনৈতিক সচেতন মহল ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে।
এ আসনে জামায়াতে ইসলামের কোনো প্রার্থী না থাকায় এবং ১১ দলীয় জোট মনোনীত এলডিপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন এলাকাবাসীর কাছে তুলনামূলকভাবে অপরিচিত হওয়ায় বিএনপির বিপক্ষে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেনি বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির পাঁচটি গ্রুপ থাকলেও নির্বাচনের মাঠে সবাই এখন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছে। এতে করে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
এলাকার খেটে-খাওয়া দিনমজুর ও সাধারণ ভোটাররা জানান, এবারের নির্বাচনী প্রচারণায় তারা বিএনপির প্রার্থীকে নিয়মিত মাঠে দেখতে পেলেও অন্য কোনো দলের প্রার্থীদের তেমন সক্রিয়ভাবে চোখে পড়েনি।
যদিও এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে গণঅধিকার পরিষদের প্রার্থী প্রকাশ্যভাবে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের অন্যতম নেতা ডা. মোবিন ১১ দলীয় জোটগত কারণে তার জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে চাঁদপুর-২ আসনে বিএনপির জন্য দৃশ্যত আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই।
উল্লেখযোগ্যভাবে, জাতীয় পার্টির প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া একাধিকবার এই আসন থেকে নির্বাচনে অংশ নিলেও কখনো বিজয় অর্জন করতে পারেননি। অপরদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী সর্বশেষ নির্বাচনে এ আসন থেকে মাত্র ৩৯৮ ভোট পেয়েছিলেন।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের মনিটরিং টিমের দায়িত্বপ্রাপ্ত ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু দাবি করেন, চাঁদপুর জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বিজয় লাভ করবেন।
কেন্দ্রীয় যুবদলের মনিটরিং টিমের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, “চাঁদপুর-২ আসন ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি। গত ১৭ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার ভোটাররা অত্যন্ত উৎফুল্ল। আগামী ১২ তারিখ ব্যালট ভোটের মাধ্যমেই প্রমাণ হবে—এ এলাকা বিএনপি তথা ধানের শীষের ঘাঁটি।”













